Header Ads

Header ADS

...“টা” দুই প্যাকেট খাইতে পারলে ২ হাজার টাকা বাজি, মইরা গেলে আমি দায়িনা”....


ভাবছেন এ কেমন শিরোনাম । ‘টা’- টা আবার কি ? বলছি- কয়েক বন্ধু সকাল বেলা চা খেতে খেতে ‘টা’-টা বার বার উচ্চারণ করছিল, আর বাজির কথা বলছিল। প্রথমে শুনার পর  আমারো কৌতুহল জাগলো, বলেকি ব্যাটারা। একটু দুরে দাড়িয়ে গেলাম। শুনছি- তিন বন্ধুতে কথা হচ্ছে, একটি চায়ের স্টলে বসে চা খেতে খেতে। এক বন্ধু চায়ের সাথে খাওয়ার জন্য দোকানদারকে একটি টোস্ট বিস্কুট দিতে বললো। অন্য দুই বন্ধু বলছে ‘টা’ হবেনা। এক শর্তে হতে পারে। “তুই তো এমনিতে মোটামোটি খাদক। নে এই যে দেখচস্ টুস্ (টোস্ট ) বিস্কুটের প্যাকেট ,দুই প্যাকেট টু্স্ (টোস্ট) বিস্কুট চায়ের সাথে ভিজাইয়া খাইতে অইবো, তুই পারবি ! পারলে ২ হাজার টাকা বাজি। আর মইরা গেলে আমি দায়িনা।”

শুরু হয়ে গেল বাজি। দেখলাম, দু প্যাকেট টোস্ট বিস্কুট আনা হলো, ব্যাকারিতে তৈরি সাদা পলিতে মোড়ানো টোস্ট। প্রতি প্যাকেটে আনুমানিক ৫০০ গ্রাম করে দু প্যাকেট টোস্ট বিস্কুট। সাধারন জনতার ভিড় লেগে গেল , চায়ের সাথে ‘টা’ এর বাজি দেখার জন্য। আমি চলে আসায়, শেষ পর্যন্ত বাজিতে কে জিতেছিল জানিনা।
“টোস্ট” আমাদের বাঙ্গালীদের অতি প্রিয় একটি খাদ্য। আমাদের দেশে টোস্ট বিস্কুট বহু প্রকার হয়ে থাকে। যেমন- মিষ্টি টোস্ট, মিষ্টি ছাড়া টোস্ট , ঝাল টোস্ট আরো কত বাহারি নাম। 
ছোট বেলায় টোস্ট বিস্কুট খাওয়ার একটি গল্প মনে পড়ে গেল। নানা বাড়ীতে, আমরা সকাল বেলা চায়ের সাথে ছোটরা টোস্ট বিস্কুট খাচ্ছি । সেই সাথে আমাদের বৃদ্ধ নানাকেও চায়ের সাথে টোস্ট বিস্কুট খেতে দেয়া হলো। আমরা তো দাঁত দিয়ে কামড়িয়ে টোস্ট বিস্কুট খাচ্ছি, বেশ শব্দ হচ্ছে। আমাদের নানাও চায়ের সাথে টোস্ট ‍ বিস্কুট ভিজিয়ে খাওয়ার পাশাপাশি , যেই না শব্দ করে খাওয়ার জন্য টোস্টে কামড় দিলো, অমনি ঘটে গেল এক মহা কান্ড। নানার একটি দাঁত তার হাতের মধ্যে চলে আসলো । ‘একি নানা তোমার তো দাঁত ভেঙ্গে গেছে’। নানা তার ভাঙ্গা দাঁত হাতে নিয়ে, একটি ফোকলা হাসি দিয়ে বললো, এই টোস্ট বিস্কুটি আমার উপকারই করেছে। অনেক দিন যাবত এই দাঁতের ব্যাথায় কিছু খেতে পাচ্ছিলাম না। আজ এই টোস্ট বিস্কুটের জন্য অনেক আরাম পাচ্ছি। 
বর্তমানে আমাদের দেশে টোস্ট বিস্কুটের অনেক চাহিদা রয়েছে। নামি দামি কোম্পনি গুলো বিভিন্ন মোড়কে বিভিন্ন নামে টোস্ট বিস্কুট বাজারজাত করা শুরু করেছে। গুনগত মান ভালো হওয়ায়, আমাদের দেশের টোস্ট বিস্কুটের বিশ্ব বাজারে যতেষ্ট চাহিদা সৃষ্টি হয়েছে। 


আবার যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে টোস্টের সাথে ডিম ভাজা,সস, বেকন, এবং বিভিন্ন মশলার সংমিশ্রণে এক অপূর্ব সুস্বাদু টোস্ট পরিবেশন করা হয়ে থাকে।


দেশে অলিগতিতে হাতে তৈরি ( পায়ে তৈরিও হতে পারে ) নিম্নমানের টোস্ট বিস্কুট বিক্রয় হয়ে থাকে। এই যে বাজি ধরে খাওয়া ‘টা’ টোস্ট । এ গুলো খাওয়া থেকে বিরত থাকতে পারলে স্বাস্থ্যের জন্য উপকারই হবে।

শেষ কথা- রসনা বিলাসী বাঙ্গালীদের যেখানে রসনার শেষ নেই, সেখানে এই সাধারন টোস্ট নিয়ে লিখে আপনাদের সময় নষ্ট করলাম কিনা জানিনা। ঘুম থেকে উঠেই এক কাপ চায়ের সাথে যখন পছন্দের  টোস্ট সবারই প্রিয়, সেখানে না হয় হয়ে যাক আবারো এক কাপ চায়ের সাথে একটি মজাদার টোস্ট। 
টোস্ট বিস্কুট নিয়ে অনেকের মজার অভিজ্ঞতা থাকতে পারে। কমেন্ট করে জানিয়ে দিননা। সবাই মিলে আর একটু উপভোগ করি চায়ের সাথে ‘টা’ টোস্ট। 

এই দেখেন.. আমারই তো এককাপ চায়ের সাথে ‘টা’ টোস্ট  খেতে ইচ্ছে করছে । গিন্নি.......


Article Writer
Parvez Sabuz
Email: parvezsabuz@gmail.com

কোন মন্তব্য নেই

luoman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.